প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2026 ইং
এইচএসসি: সাতক্ষীরার দুই কলেজে পাস করেননি কোনো শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। কলেজ দুটি হলো সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ এবং শ্যামনগর উপজেলার এ কে ফজলুল হক এমসি কলেজ।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। ফলাফল অনুযায়ী, ইসলামিয়া মহিলা কলেজ থেকে এবার তিনজন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ উত্তীর্ণ হননি। অন্যদিকে, এ কে ফজলুল হক এমসি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৯ জনের একজনও পাস করতে পারেননি।
এদিকে, সাতক্ষীরা জেলায় এবার এইচএসসি পরীক্ষায় সার্বিক পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ। জেলায় ২৩টি কেন্দ্রে ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১১ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৬ জন।
জেলায় পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৯২৪ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ২ হাজার ১৫৭ জন। অন্যদিকে, ৫ হাজার ৬৬৭ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৮৭৯ জন। পাসের সংখ্যায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী স্বাক্ষরিত শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বিবরণীতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
স্বত্ব © 2026 Prime News | সর্বস্বত্ব সংরক্ষিত।